চুরি, শারীরিক আক্রমণ ও অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (১০ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানায়।দূতাবাসের পোস্টে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের ঘটনায় জড়িত থাকলে আপনার ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করা হয়।
মার্কিন দূতাবাসের এ সতর্কবার্তার মাধ্যমে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে আইন মেনে চলা এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে।যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা ও অভিবাসনসংক্রান্ত অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে কোনো নির্দিষ্ট ঘটনায় ভিসা বাতিল বা স্থায়ীভাবে প্রবেশে অযোগ্যতার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মার্কিন আইন ও পরিস্থিতির ওপর নির্ভর করে।