শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

কুমিল্লায় স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা

ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
কুমিল্লায় স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা

কুমিল্লার লালমাই উপজেলায় চরম নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘাতকদের হাত থেকে প্রাণ বাঁচাতে ধানক্ষেতে প্রাণপণ দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তি করেও শেষ রক্ষা হয়নি কিশোরীটির। পুলিশ ধারণা করছে, ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গামছা পেঁচিয়ে ও কাদায় মুখ ডুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার জগতপুর এলাকার একটি নির্জন ফসলি মাঠের ধানক্ষেত থেকে ওই ছাত্রীর কাদামাখা মরদেহ উদ্ধার করে লালমাই থানা-পুলিশ।

ঘটনাস্থল ও পুলিশ সূত্রে জানা যায়, নির্জন সড়কের পাশের ফসলি মাঠের বেশ কয়েকটি ক্ষেতের ধানগাছ এলোমেলো ও মাড়ানো অবস্থায় পাওয়া গেছে। এতে স্পষ্ট যে, আততায়ীদের কবল থেকে নিজেকে বাঁচাতে শিশুটি দীর্ঘক্ষণ আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। মরদেহের মাথা কাদায় ডোবানো এবং গলায় গামছা প্যাঁচানো ছিল। মরদেহের অদূরে একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি ভ্যানিটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে, গত ৪ অক্টোবর বাসা থেকে বের হয়ে মেয়েটি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা হয়ে সে প্রথমে কক্সবাজার যায়। বুধবার দুপুরে কক্সবাজার থেকে বাসে করে রওনা দিয়ে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার নূরজাহান হোটেলের সামনে এসে বাস থেকে নামে। সেখান থেকে অটোরিকশায় ওঠায়ই সে কোনো অপরাধী চক্রের খপ্পরে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, স্থানীয়দের দেয়া ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও আলামত জব্দ করে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনেরা কুমিল্লার লালমাই থেকে যশোরের গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।


এই বিভাগের আরো খবর