বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে৷ আজ রোববার ট্রাইব্যুনাল ১ এ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে গত ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় বিমানবাহিনীর তৎকালীন স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। সবশেষ বিমান সদর দপ্তরের ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিংয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন সাইফুর রহমান।
এদিকে, জুলাই আন্দোলনে মোহাম্মদপুর ও আদাবরে ৩৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ তাকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়ার কথা রয়েছে।
এছাড়া, জুলাই আন্দোলনে উস্কানিসহ মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রুপাকে। আজ ট্রাইব্যুনাল-২ এ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।