শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

মক্কা-জেদ্দাসহ সৌদির চার শহরে হঠাৎ সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক / ৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
মক্কা-জেদ্দাসহ সৌদির চার শহরে হঠাৎ সাইরেন

মক্কা-জেদ্দাসহ সৌদির চার শহরে হঠাৎ সাইরেনসৌদি আরবের পশ্চিমাঞ্চলের চারটি শহরে হঠাৎ জরুরি সতর্কবার্তা ও সাইরেন জারির পর কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। সম্ভাব্য আকাশপথের নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় জারি করা ওই সতর্কবার্তায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কী কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, সতর্কতার আওতায় ছিল পবিত্র মক্কা নগরী, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী জেদ্দা, শিল্পনগরী ইয়ানবু এবং পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ। এসব শহরের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে সতর্কবার্তা জারির প্রায় পাঁচ মিনিটের মধ্যেই নতুন নোটিশ দিয়ে তা প্রত্যাহার করা হয়। কর্তৃপক্ষ জানায়, সাময়িক ঝুঁকি কেটে গেছে এবং সতর্কতার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র শনাক্ত কিংবা প্রতিহত করা হয়েছিল কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা প্রতিরোধের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য, ভিডিও কিংবা ছবি প্রকাশের বিষয়ে আইনি বিধিনিষেধের কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। এ ধরনের বিষয় প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যজুড়ে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী ইয়েমেনের সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ রয়েছে।এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার রেখেছে।


এই বিভাগের আরো খবর