সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।রবিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবেরে বিমানবন্দরে সাম্প্রতিক হামলার নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ৪ নভেম্বর পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়েছে।
জরুরি প্রয়োজনে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার কথা উল্লেখ করে সংস্থাটি জানায়, যাত্রীরা প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন করতে এবং সেখান থেকে বাংলাদেশে ফিরে আসতে পারবেন।
যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এই বিশেষ ফ্লাইট কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া, ঢাকা–মদিনা রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার আপডেট সময়সূচি সম্পর্কে যথাসময়ে বিমানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। ফ্লাইট, টিকিট পুনর্র্নিধারণ ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।