মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সকাল-সন্ধ্যায় তিনবার পড়তেন নবীজি (সা.)

ডেস্ক / ২২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সকাল-সন্ধ্যায় তিনবার পড়তেন নবীজি (সা.), কী আছে এই দোয়ায়?

সুস্থতা মহান আল্লাহর অন্যতম বড় নেয়ামত। শারীরিক ও মানসিকভাবে ভালো থাকা মানুষের স্বাভাবিক জীবনযাপন এবং ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসুস্থ হলে আমরা সুস্থতার মূল্য বুঝতে পারি, অথচ সুস্থ থাকাকালে অনেক সময় এই নেয়ামতের কথা ভুলে যাই। তাই সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় নিয়ম মেনে চলার পাশাপাশি মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করা উচিত।ইসলামে সুস্থতা ও অবসর সময়ের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদতসহ দৈনন্দিন কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে শারীরিক সুস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘দুটি নেয়ামত এমন রয়েছে, যেগুলোর ব্যাপারে অবহেলার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তা হলো সুস্থতা ও অবসর সময়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪১২)

সুস্থতা কামনায় নবীজি (সা.)-এর শেখানো দোয়া

হজরত মুহাম্মদ (সা.) শরীর, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির সুস্থতা কামনা করে নিয়মিত একটি দোয়া পড়তেন। আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, তিনি তাঁর বাবাকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়তে শুনেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তাঁর বাবা জানান, তিনি আল্লাহর রাসুল (সা.)-কে এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে শুনেছেন। তাই তিনিও নবীজির (সা.) অনুসরণে দোয়াটি পড়তেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৯০)

দোয়াটি আরবিতে:

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবরি। লা ইলাহা ইল্লা আনতা।


এই বিভাগের আরো খবর