মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ডেস্ক / ১৪ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান।আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ নুরল ইসলাম মনিসহ অন্যান্য হুইপ উপস্থিত ছিলেন।সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।অপরদিকে সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর শূন্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানকে ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হয়নি।


এই বিভাগের আরো খবর