জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।শনিবার সকালে মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সাটি জামালপুরের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের জামালপুরগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই ট্রাকটি পেছন থেকে অটোরিক্সাকে চাপা দেয়।
এতে অটোরিক্সায় থাকা একই পরিবারের শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত ও মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা ও তাদের ৮ মাস বয়সী সন্তান ইফরা মনি। অপর একজন মেলান্দহের শাহজাতপুর এলাকার শওকত আলী লিখন।
এ ছাড়া দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক হযরত আলী (৪২)কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।