শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

পাকিস্তানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৮, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক / ১২৯ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
পাকিস্তানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৮, আহত ৩০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী বাসের সাথে ডাম্পার ট্রাকের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।শুক্রবার ভোরে হাজারা মোটরওয়ের হাভেলিয়ান ইন্টারচেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২।

দুর্ঘটনাকবলিত বাসটি গিলগিট থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। রেসকিউ ১১২২-এর বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির একটি চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটির সাথে ডাম্পার ট্রাকের সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেসকিউ ১১২২-এর অ্যাবোটাবাদ শাখা সাতটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী যান ঘটনাস্থলে পাঠায়। জেলা জরুরি বিভাগের কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকর্মীরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কাছাকাছি বিভিন্ন হাসপাতালে পাঠান। নিহত আটজনের মরদেহও বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের বাড়ি গিলগিটে বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজনের মরদেহ হাভেলিয়ানের টাইপ-ডি হাসপাতালে, চারজনের মরদেহ আয়ুব মেডিকেল কমপ্লেক্সে এবং বাকি তিনজনের মরদেহ অ্যাবোটাবাদের জেলা সদর হাসপাতালে (ডিএইচকিউ) নেওয়া হয়।

আহত ৩০ জনের মধ্যে পাঁচটি শিশু ও ছয়জন নারী রয়েছেন। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য আয়ুব মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাটি।পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বেড়েছে। এর আগের দিন পাকপত্তনের কাছে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত এবং ৩৩ জন আহত হন।

এ ছাড়া গত সপ্তাহে পাঞ্জাবের হাফিজাবাদ জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে গেলে অন্তত পাঁচজন নিহত ও ২৭ জন আহত হন।


এই বিভাগের আরো খবর