বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশি শেখ রহমান

ডেস্ক / ২৩ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশি শেখ রহমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্র্নিবাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন। তাঁর জন্ম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে তাঁর এই সাফল্যের খবরে আনন্দ ও গর্ব প্রকাশ করছেন জন্মস্থান বাজিতপুরের বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ মুজাহিদুর রহমান বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাঁর বাবা ভারতের আগরতলায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ রহমান কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ রহমান। পরে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সক্রিয় তিনি। ২০১৮ সালে প্রথমবার জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হন। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত আইনপ্রণেতা হিসেবে পরিচিতি পান তিনি। এরপর থেকে স্টেট সিনেটের ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করে আসছেন।নির্বাচনের ফলাফল অনুযায়ী, এবারের সাধারণ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শেখ রহমান। প্রাথমিক ফলাফলে তাঁর নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।

এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন তিনি। ওই নির্বাচনে শেখ রহমান পেয়েছিলেন ৬ হাজার ১৮৮ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট।শেখ রহমানের পুনর্র্নিবাচনের খবর ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জের বাজিতপুরে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে এলাকার গর্বিত সন্তান হিসেবে উল্লেখ করে তাঁর সাফল্যের ধারাবাহিকতা কামনা করেছেন।

শেখ রহমানের ভাতিজা শেখ রাফিদ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় তাঁর চাচা আবারও সিনেটর নির্বাচিত হওয়ায় পরিবার ও এলাকাবাসী গর্বিত। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রে এ পর্যায়ে পৌঁছানো কঠিন ও চ্যালেঞ্জিং। সব বাধা পেরিয়ে তিনি সফল হয়েছেন, যা তাঁদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি আরও বলেন, শেখ রহমানের এই অর্জনে পরিবার ও এলাকার মানুষ আনন্দিত। ভবিষ্যতে তিনি আরও বড় দায়িত্বে অধিষ্ঠিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন বলে তাঁদের প্রত্যাশা।

স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন বলেন, বাজিতপুরের সন্তান শেখ রহমান আবারও যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হওয়ায় তাঁরা আনন্দিত। বিদেশের মাটিতে তিনি বাংলাদেশের পাশাপাশি নিজের এলাকার নামও উজ্জ্বল করছেন। তাঁর এই অর্জনে এলাকাবাসী গর্বিত। ভবিষ্যতেও তিনি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা করেন তাঁরা। এলাকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে এবং তিনি নিয়মিত তাঁদের খোঁজখবর নেন বলেও জানান মহির উদ্দিন।উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান পার্টির প্রার্থী লিসা ব্যাবেজকে পরাজিত করে জর্জিয়া স্টেট সিনেটের ৫ নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন শেখ রহমান।


এই বিভাগের আরো খবর