সালাম দিয়ে ঢুকলে যে বরকত মেলে ঘরে
নিজের ঘরেও সালাম দেওয়া সুন্নত। কোরআন ও হাদিসে এর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। আমরা অনেক সময় ঘরে ফিরেই সরাসরি কথা বলা শুরু করি। অথচ ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এর মাধ্যমে পরিবারের সদস্যদের জন্য শান্তি ও কল্যাণের দোয়া করা হয়।
আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যখন ঘরে প্রবেশ করবে, তখন নিজেদের প্রতি সালাম দেবে। এটি আল্লাহর পক্ষ থেকে বরকতময় ও পবিত্র অভিবাদন।’ (সুরা নুর: ৬১)
এ আয়াতে ঘরে প্রবেশের সময় সালাম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সালাম শুধু সম্ভাষণ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বরকতময় অভিবাদন। তাই নিজের ঘরে প্রবেশের সময় পরিবারের সদস্যদের সালাম দেওয়া উচিত।
আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) তাঁকে বলেন, ‘হে বৎস! তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবে, তাদের সালাম দেবে। এতে তোমার ও তোমার পরিবারের জন্য বরকত হবে।’ (জামে তিরমিজি: ২৬৯৮)
এ হাদিসে ঘরে প্রবেশের সময় সালাম দেওয়ার মাধ্যমে নিজের ও পরিবারের জন্য বরকত লাভের কথা বলা হয়েছে। তাই পরিবারের সদস্যদের সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।