ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন ২৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।
বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার।বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আগে থেকেই এ কর্মসূচি নির্ধারণ করা হয়েছিল। ২৫ দিনের এই কার্যক্রমে ইউনিটটির বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা, সার্ভিসিং এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে।
আদানি পাওয়ার আরও জানিয়েছে, এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।
তবে একটি ইউনিট বন্ধ থাকলেও বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হচ্ছে না। অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি এ সময় স্বাভাবিকভাবে চালু থাকবে এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখবে।