রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেল সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ ও দিদারুল ইকবাল (S21DAL)

বিজ্ঞপ্তি / ১৪২ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেল সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ ও দিদারুল ইকবাল (S21DAL)

‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেল সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ ও দিদারুল ইকবাল (S21DAL)

বেতার শ্রোতা আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি এবং আর্তমানবতার সেবায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ “শ্রেষ্ঠ সক্রিয় রেডিও শ্রোতা ক্লাব” ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ ‘স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন ০২)’ লাভ করেছেন ঐতিহ্যবাহী বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। একই অনুষ্ঠানে অ্যামেচার রেডিও এবং জরুরি যোগাযোগ ব্যবস্থায় অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিলেট অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, রেডিও অ্যাক্টিভিস্ট, শিশুসুরক্ষা ও পরিবেশকর্মী মোহাম্মদ দিদারুল আলম (দিদারুল ইকবাল)। অ্যামেচার রেডিও জগতে তিনি S21DAL (সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) কলসাইনে পরিচিত।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে স্টার বাংলাদেশ মিডিয়া আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র কেন্দ্রীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জিয়া সাংস্কৃতিক জোট (জিসাজ)-এর সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। প্রধান অতিথির হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়াম্যান দিদারুল ইকবাল (S21DAL) এবং ক্লাবের ঠাকুরগাঁও জেলা ইউনিটের সদস্য মুশফিকুর রহমান (সাহিল)।

বিশিষ্ট রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) দীর্ঘদিন ধরে বাংলাদেশে অ্যামেচার রেডিও প্রযুক্তির প্রসার এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও বেতার প্রযুক্তিতে উদ্বুদ্ধ করতে কাজ করছেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগকালীন জরুরি যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে তিনি নিরলস ভূমিকা রেখে চলেছেন। অপর দিকে তাঁর নেতৃত্বে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ দেশ ও বিদেশে রেডিও কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯৯৭ সালের ১লা অক্টোবর প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ ২৯ বছর ধরে ঝিমিয়ে পড়া বেতার শ্রোতা আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে এবং বেতারের মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির যুগেও রেডিওর আবেদন তরুণদের মাঝে ছড়িয়ে দিতে ক্লাবটি দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। সংগঠনটি বাংলাদেশ বেতারের পাশাপাশি চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই), ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই), রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ), ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি) ও রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক বেতারের শিক্ষণীয় অনুষ্ঠান তৃণমূলে জনপ্রিয় করতে ক্লাবটি ভূমিকা রাখছে। জাতিসংঘের সংস্থা ইউনেস্কো (UNESCO)-এর বৈশ্বিক অংশীদার হিসেবে সংগঠনটি নিয়মিত ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপন করে। বেতারের প্রচার-প্রসারে অবদানের জন্য এর আগে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন ও ভারত থেকে একাধিক ‘সেরা সক্রিয় ক্লাব’-এর আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে সংগঠনটি। বেতার কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান, প্লাস্টিক বর্জন প্রচারণা, রক্তদান কর্মসূচি এবং তরুণদের মুঠোফোনের ক্ষতিকর আসক্তি, তামাক, মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করছে সংগঠনটি। এছাড়া বন্যা ও তীব্র শীতে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে ত্রাণ ও শীতবস্ত্র নিয়ে নিয়মিত দাঁড়াচ্ছেন ক্লাবের স্বেচ্ছাসেবীরা।


এই বিভাগের আরো খবর