কোম্পানীগঞ্জে ধলাই নদীতে নৌ চলাচলে নতুন নির্দেশনা জারি
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে নৌ চলাচলের নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হয়।নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদা পাথর স্পট পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এ এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে ধলাই সেতুর আশপাশে প্রকাশ্যে বালু লুট চলছিল। স্থানীয় সূত্রের অভিযোগ, বিএনপি-যুবদল নেতাদের তত্ত্বাবধানে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের একটি অংশ বালু লুটে জড়িত ছিলেন। অনিয়ন্ত্রিত এ বালু লুট রোধেই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।এর আগে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই সেতুর আশপাশ থেকে অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়। পরে দ্রুত মাইকিং করে সাধারণ মানুষকে নতুন নির্দেশনা জানানো হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ তার ফেসবুক পেজে নির্দেশনার ভিডিও শেয়ার করে জানান, নতুন নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’