স্মরণসভায় বক্তারা আনহার সিকদার আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন
রোটারিয়ান আনহার সিকদার আজীবন মানুষের সেবা ও মানবতার কল্যাণ সাধনে কাজ করে গেছেন। মানুষের প্রতি ছিল তাঁর গভীর মমত্ববোধ। যেকোন দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষদের পাশে দাঁড়িনোর ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগামী। আনহার সিকদার বিনয়ী, নিরহংকারী ও সদালোপী মানুষ ছিলেন। খুব সহজেই তিনি মানুষকে আপন করে নিতে পারতেন। কল্যাণমূলক কাজে নিজে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি অসংখ্য মানুষকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছেন। তাঁর কর্ম ও গুণাবলি সবার জন্য অনুসরণীয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব জালালাবাদ এর পাস্ট প্রেসিডেন্ট মরহুম আনহার সিকদার এর স্মরণে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। রোটারি ক্লাব অব জালালাবাদ এর উদ্যোগে নগরীর চারাদিঘিরপাড়স্থ জালালাবাদ রোটারি হাসপাতালের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আরো বলেন, মানবসেবার ব্রত নিয়ে রোটারি ক্লাবে যোগদান করে আনহার সিকদার একাগ্রচিত্তে কাজ করেছেন। তাঁর নেতৃত্বগুণ জালালাবাদ রোটারি ক্লাবকে সমৃদ্ধ করেছে। আনহার সিকদারের মৃত্যুতে আমাদের মাঝে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। রোটারি ক্লাব অব জালালাবাদ এর প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- পিডিজি শহীদ আহমদ চৌধুরী, পিডিজি প্রিন্সিপাল আতাউর রহমান পীর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেটের ব্যুরো চীফ ও দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক সেলিম আওয়াল, পিপি ডা. আব্দুস সালাম, পিপি হানিফ মোহাম্মদ, পিপি আব্দুর রহিম, মাহবুবুল আলম মিলন, পিপি আব্দুল মালেক, একাত্তর টেলিভিশন সিলেটের ব্যুরো চীফ আব্দুল মুহিত দিদার, ডা. নাঈমা নাসরিন ইভা, মরহুমের ছেলে লাবিব সিকদার, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আব্দুল মালিক সুজন, মেহরাব সিকদার, ক্লাব সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ। সভায় আলোচনা ও দোয়া পরিচালনা করেন ভ্যালি সিটি জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মামুনুর রশিদ মাদানী। সভায় মরহুম রোটারিয়ান আনহার সিকদার এট মৃত্যুতে দৈনিক সুরমা মেইলে প্রকাশিত বিশেস ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।