শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

সিলেটে সেনাবাহিনীর অভিযানে ৫৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট / ১০১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
সিলেটে সেনাবাহিনীর অভিযানে ৫৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে বালুবাহী একটি ট্রাক থেকে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় চশমা ও কিটক্যাট চকলেট জব্দ করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

সেনাসূত্রে জানা যায়, ইনফেন্ট্রি রেজিমেন্টের ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল জাফলং থেকে কেরানীগঞ্জগামী বালুবোঝাই ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট ১৪-২৬৩১) চেকপোস্টে থামার সংকেত দিলে চালক ও হেলপার সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে ট্রাকটি সন্দেহজনক মনে হওয়ায় ক্যাম্পে নিয়ে গিয়ে সিভিল শ্রমিকদের মাধ্যমে আনলোড করা হয়। আনলোড শেষে বালুর নিচে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চশমা ও চকলেট।

জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪৬ হাজার ৫১২ পিস ভারতীয় চশমা, যার আনুমানিক সিজারমূল্য ৪৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা। এছাড়া ১৩ হাজার ৯৬৫ পিস কিটক্যাট চকলেট, যার মূল্য প্রায় ৮ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা। মোট জব্দকৃত পণ্যের সিজারমূল্য দাঁড়িয়েছে ৫৪ লাখ ৮৯ হাজার ১০০ টাকা।

সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, শনিবার বেলা ১১টার দিকে ট্রাক ও জব্দকৃত সব পণ্য বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিকট হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর