মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সিলেটবাসী। ভোরের আলো ফুটতেই নগরের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে মানুষের ঢল। হাতে ফুল নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার দিনের সূচনা হয় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এর পরপরই শহীদ মিনারে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের পুরো বেদি।
শ্রদ্ধা জানাতে একে একে শহীদ মিনারে উপস্থিত হয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার ও মহানগর পুলিশ কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। পাশাপাশি জেলা ও মহানগর বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী সংগঠন এবং গণমাধ্যমকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নিজস্ব উদ্যোগে আয়োজন করেছে নানা অনুষ্ঠান।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি এবং এমসি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন।
অন্যদিকে সকালে সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী।