নাটোরের লালপুর উপজেলার গোধড়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার গোধড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নম্বর কিদমচিলান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দোহা ও মজনু গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। তার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে একই এলাকার লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ছয়জন আহত হন।
ঘটনার সময় বিক্ষুব্ধরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। এসময় দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এবং বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম এবং লালপুর থানার ওসি (তদন্ত) এস এম রিয়াজুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গুরুতর আহত রাশেদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।