সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে মোট ২৬ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের একজন হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুলাপুর গ্রামের ৯ মাস বয়সী আকরামুল। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরজন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া এলাকার ৮ মাস বয়সী সাইফান। সে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব কনফার্মড হাম ও রুবেলার রোগী শনাক্ত হয়েছে ১৪২ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৭১, মৌলভীবাজারে ১৬ এবং হবিগঞ্জে ১৩ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুইজন রুবেলা রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৯৮ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জন ভর্তি আছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন।
চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ জন সন্দেহভাজন এবং ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। পাশাপাশি বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, দিরাই ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে।