রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সিলেটে নগরীতে বসানো হবে ফেস রিকগনিশন ক্যামেরা বাণিজ্যমন্ত্রী

মোঃ পাবেল আহমদ / ২০ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৪ মে, ২০২৬
সিলেটে নগরীতে বসানো হবে ফেস রিকগনিশন ক্যামেরা বাণিজ্যমন্ত্রী

সম্প্রতি সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাম্প্রতিক অপরাধমূলক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের শনাক্তে নগরজুড়ে ফেস রিকগনিশন ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশন নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে-এ বিষয়ে দ্বিমত করার কিছু নেই। যে ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, তা স্বীকার করতেই হবে।

তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন অপরাধের ঘটনায় পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও নজরদারি জোরদারে নগরের গুরুত্বপূর্ণ স্থানে ফেস রিকগনিশন প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা স্থাপন করা হবে।

অপরাধের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই শাস্তি নিশ্চিত করতে হয়, যা সময়সাপেক্ষ। সাম্প্রতিক ধর্ষণসহ আলোচিত ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার বিষয়ে সিলেটের কওমি মাদ্রাসাগুলোর ঘোষণার প্রসঙ্গে মন্ত্রী বলেন, চামড়া সংরক্ষণে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও সরকার সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই কোরবানির পর পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

মাদ্রাসার শিক্ষক, মুহতামিম ও কোরবানিদাতাদের উদ্দেশে তিনি বলেন, পশু জবাইয়ের চার ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ লাগিয়ে সংরক্ষণ করলে তা নষ্ট হওয়ার আশঙ্কা কমে যায়। সঠিকভাবে সংরক্ষিত চামড়া সিলেট থেকে সংগ্রহ নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রায় ৫৮ লাখ টাকার ঈদ অনুদান

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার ১ হাজার ১৫৮ জন কর্মীর মধ্যে প্রায় ৫৮ লাখ টাকার ঈদ অনুদান বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতাকর্মীরাই সিটি করপোরেশনের প্রাণ। তাদের অক্লান্ত পরিশ্রমেই সিলেট শহর বাসযোগ্য ও পরিচ্ছন্ন থাকে। তাই সরকার প্রতি ঈদে তাদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর পাঠানো ৪১ লাখ ৩৫ হাজার টাকায় ৮৩১ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য উপহার নিশ্চিত করা হয়। পরে আরও ৩৩১ জন কর্মীকে অন্তর্ভুক্ত করতে সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ১৬ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকটের বিষয় তুলে ধরে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি তাদের বসবাসের পরিবেশ সরেজমিনে দেখেছেন। অনেক ক্ষেত্রে একটি ছোট কক্ষে ৮ থেকে ১০ জন পর্যন্ত বসবাস করছেন, যা স্বাস্থ্যসম্মত নয়। এই পরিস্থিতির উন্নয়নে সিটি করপোরেশনের উদ্যোগে নতুন আবাসন প্রকল্প গ্রহণের আশ্বাস দেন তিনি।

এছাড়া ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করে সিলেটকে পুনরায় পরিচ্ছন্ন নগরীতে পরিণত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত ছিলেন মো. সারওয়ার আলম, মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 


এই বিভাগের আরো খবর