চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের তীব্রতার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-মুখী লেনে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীদের তীব্র যানজটে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড বাইপাস এলাকার মডার্ন হাসপাতালের উত্তর পাশে, আমিরাবাদ গ্রামের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সাত্তার হোসেন, মোহছেনা বেগম ও জাহাঙ্গীরের বসতঘর এবং জাহাঙ্গীরের ব্যবসাপ্রতিষ্ঠানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কোনোমতে প্রাণ বাঁচিয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও ঘরের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে নিঃশেষ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে আগুনের তীব্রতার কারণে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। কুমিরা হাইওয়ে থানার ওসি মো. নুরুল আফসার জানান, অগ্নিকাণ্ডের ফলে ঢাকা-মুখী লেন প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত নিঃস্ব পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।