শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র তিন গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষ

ডেস্ক / ১৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র তিন গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষ

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে তিনটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘর্ষের সময় বসতঘরে থাকা একই পরিবারের মা ও ছেলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এই গোলাগুলি শুরু হয়, যা রাত প্রায় ১০টা পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে মূলত ক্ষমতার আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে শতাধিক রাউন্ড গুলির শব্দে পুরো ক্যাম্প ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় প্রায় ১২০ থেকে ২০০ রাউন্ড পর্যন্ত গুলিবর্ষণ করা হয়েছে বলে সাধারণ রোহিঙ্গারা ধারণা করছেন।

সংঘর্ষ চলাকালে ক্যাম্প-৮ ইস্টের বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম এবং তাঁর ছেলে মোহাম্মদ ইউসুফ নিজেদের ঘরে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁদের প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকরা দ্রুত তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। জনবসতিপূর্ণ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা গোলাগুলির কারণে সাধারণ আশ্রিতদের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও ভীতি ছড়িয়ে পড়ে, যার ফলে ঘরে বন্দি হয়ে পড়েন বাসিন্দারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই এপিবিএনের যৌথ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, গোলাগুলিতে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর