ইতালিতে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত ৪৩২ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন।ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৪৩২টি নিশ্চিত সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া নিউরোইনভেসিভ বা স্নায়ুতন্ত্রে আক্রান্ত হওয়ার ধরনগুলোর ক্ষেত্রে মৃত্যুহার ৭ দশমিক ২ শতাংশ। গত বছরের একই সময়ে এই হার ছিল ১৩ দশমিক ৯ শতাংশ।
এর আগে, ২০২৫ সালে ইতালিতে মোট ৪৩০ জন ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ, গত বছরের পুরো সময়ের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ছাড়িয়ে গেছে।ওয়েস্ট নাইল ভাইরাস মূলত মানুষ, ঘোড়া ও পাখির শরীরে সংক্রমণ ঘটায়। মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। বিশেষ করে আক্রান্ত পাখি থেকে মশার মাধ্যমে অন্য প্রাণী ও মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ১৯ শতাংশ আক্রান্তের মধ্যে জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ফ্লুর মতো উপসর্গ দেখা দিতে পারে। আর প্রায় ১ শতাংশ আক্রান্তের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রে গুরুতর জটিলতা দেখা দিতে পারে।