সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর হরতাল

ডেস্ক / ১০ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর হরতাল

গণবিরোধী প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর নগরীতে আধাবেলার হরতাল পালনের ঘোষণা দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। হরতাল সফল করার লক্ষ্যে নগরীতে মিছিল, সমাবেশ ও মতবিনিময় সভা করেছে সংগঠনটি।সোমবার (২৩ নভেম্বর) নগরীর নিউ ক্রস রোডের সুমি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।

সভায় বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, প্রধান উপদেষ্টা শওকত হোসেন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আ.ফ.ম. রাজিবুল ইসলাম ইভান, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মশিউর রহমান, আবু জাফর লিটন, কনক রহমান, বীথি দাস নন্দিনী ও তৌহিদুল ইসলাম তুষার। এ ছাড়া নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সদস্য সাজিম আহমেদ বক্তব্য দেন। সভা পরিচালনা করেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সবুজ রায়।

সভায় বক্তারা বলেন, গণবিরোধী প্রিপেইড মিটারের কারণে সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। গ্রাহকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করতে হবে।তারা আরও বলেন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সাথে বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ এবং এ খাতের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।সভা থেকে আগামী ৩০ নভেম্বরের আধাবেলার হরতাল সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।


এই বিভাগের আরো খবর