হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে স্ত্রীর আঘাতের ফলে গুরুতর আহত করা মামুন মিয়া (৩২) মারা গেছেন।সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তিনি মারা যান।
নিহত মামুন মিয়া উপজেলার ধবপুর শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে।অভিযুক্ত স্ত্রী মমতা বেগম (২৫) উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলাপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে মামুনকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান স্ত্রী। পরে ভোররাতে মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে তার মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেলে রেখে স্ত্রী পালিয়ে যান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিনের মাথায় মারা যান মামুন।অভিযুক্ত মমতা বেগম এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে।মানুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।