হংকংয়ের ব্যস্ত রাজপথ, ঝলমলে আলো আর আকাশছোঁয়া ভবনের মাঝে এবার অন্যরকম এক মেহজাবীন চৌধুরী। বড় কোনো ফ্যাশন শুট নয়, নামী কোনো ব্র্যান্ডের ক্যামেরাও নয় স্থানীয় এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আর সেই ছবিগুলোতেই যেন ফুটে উঠেছে তাঁর স্টাইলের আরও স্বতঃস্ফূর্ত এক দিক।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সাথে ভাগ করে নেন মেহজাবীন। হংকং ভ্রমণের ছবিতেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার নজর কেড়েছে শুধু তাঁর পোশাক কিংবা ভিক্টোরিয়া হারবারের সৌন্দর্য নয়, বরং স্থানীয় ফটোগ্রাফারের তোলা ছবিতে অভিনেত্রীর স্বাভাবিক উপস্থিতি।
সাধারণত ফ্যাশন ফটোগ্রাফিতে থাকে নিখুঁত আলো, পরিকল্পিত সেটআপ ও পেশাদার টিমের আয়োজন। মেহজাবীনের এবারের ছবিগুলো যেন তার ঠিক উল্টো। শহরের স্বাভাবিক পরিবেশ, নরম আলো আর স্থানীয় ফটোগ্রাফারের দৃষ্টিভঙ্গি মিলিয়ে ছবিগুলোতে এসেছে ভ্রমণঘনিষ্ঠ আবহ। মনে হয়েছে, হংকং ঘুরতে গিয়ে হঠাৎ করেই ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।
এই লুকে মেহজাবীনের পোশাকের মূল আকর্ষণ ছিল সাদা-কালোর বৈপরীত্য। ওপরের অংশে তিনি পরেছেন কালো ভেস্ট-স্টাইলের টপ। টপটির সামনের অংশে রয়েছে সাদা সুতোর সূক্ষ্ম এমব্রয়ডারি। এশিয়ান মোটিফের অনুপ্রেরণায় করা নকশাটি কালো পোশাকের ওপর বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে।