সিলেট বিভাগে হামের পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৮ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার এ তথ্য জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া দুই শিশুর একজন মাসুদ রানা, বয়স ১০ মাস। অপরজন তন্ময় ইসলাম, বয়স ৯ মাস। দুজনেরই বাড়ি সিলেট সদর উপজেলায়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৬৮ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৪১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ২৮৫ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৭ জন।