১০ বছরে পা দিয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়। ছেলের বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা আলাদা পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাবা ও মা।
জয়ের জন্মদিন উপলক্ষে তার একটি একক ছবি প্রকাশ করেন শাকিব খান। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা যায় জয়কে। ছবির সাথে ছেলেকে উদ্দেশ করে শাকিব লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
অন্যদিকে, জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সাথে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। ক্যারিয়ারের কথা বিবেচনা করে শুরুতে নিজেদের বিয়ের খবর গোপন রাখেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তাদের ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম হয়।এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে নিজেদের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।