সিলেট নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এক কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে কেরোসিন বা পেট্রোল বহনে ব্যবহৃত হতে পারে, এমন একটি খালি বোতলও পাওয়া গেছে।রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টার আগে নগরীর উপশহরের এইচ ব্লকের ১ নম্বর রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবুল হোসেন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অফিসে আগুন দেয়। পরে ঘটনাস্থলে দুই লিটারের একটি খালি বোতল পাওয়া যায়। বোতলটি কেরোসিন বা পেট্রোল বহনের কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে আবুল হোসেন বলেন, তাঁর ব্যবহৃত গাড়ির ইঞ্জিন কভার সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। এ ছাড়া গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়ের নিচতলায় থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।