ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনলাইন আবেদন পদ্ধতি চালু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আবেদনকারীদের ভোগান্তি কমানোর পাশাপাশি আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সংস্থাটি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হলেও এখন থেকে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সর্বশেষ অবস্থাও অনলাইনে জানা যাবে।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলছে। অনলাইনে জমা পড়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই ও সরেজমিন তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রতিবেদন পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটির কাছে।
ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
টিসিবি চেয়ারম্যান জানান, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ কার্যক্রমের অগ্রগতি অনেকটাই নির্ভর করছে। এখনো সব জেলার প্রতিবেদন পাওয়া যায়নি। ফলে পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগছে।তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাকি নিয়োগও পবিত্র রমজান শুরুর আগেই শেষ করতে চায় টিসিবি।
উল্লেখ্য, ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাঁদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।সংস্থাটির আশা, অনলাইনে আবেদন গ্রহণ, জেলা পর্যায়ে তথ্য যাচাই এবং মূল্যায়ন কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে রমজানের আগে পণ্য বিতরণের প্রস্তুতিও আরও সুসংগঠিত করা সম্ভব হবে।