রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সিলেটে হচ্ছে একাধিক বিশেষায়িত হাসপাতাল,বাণিজ্যমন্ত্রী

ডেস্ক / ১০১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সিলেটে হচ্ছে একাধিক বিশেষায়িত হাসপাতাল,বাণিজ্যমন্ত্রী

সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানান, এই উদ্যোগের অংশ হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, ১২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল প্রতিষ্ঠা, শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের রোগীদের অন্য অঞ্চলে ছুটে যাওয়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।

এসব তথ্য জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সরকার স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সিলেট অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

শনিবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।

তিনি বলেন, সিলেটে শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসার পরিসর ও সক্ষমতা বহুলাংশে বাড়বে।


এই বিভাগের আরো খবর