তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে শরিফুল হক সাজু জুড়ীতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় তৃতীয় দিনের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা শরিফুল হক সাজু।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি জুড়ী বাজারের দোকানপাট, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এছাড়া উপজেলার দুইটি ইউনিয়নে কৃষক, মৎস্যজীবী ও কর্মজীবী মানুষের সঙ্গে উঠান বৈঠক করেন তিনি।সন্ধ্যায় পশ্চিম জুড়ী ইউনিয়নের খালেরমুখ এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকটি জনতার বিপুল উপস্থিতিতে এক জনসভায় পরিণত হয়।প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে জাতিকে নতুন দিকনির্দেশনা দেওয়ার একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের ভোটের অধিকার ফিরে আসবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত হবে। জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। তাই আমরা মাঠে নেমেছি এই বার্তা পৌঁছে দিতে যে বিএনপি জনগণের দল তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।
গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মোঃ মুজিব, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন মিয়া, ফুলতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা জাসাস আহবায়ক মুক্তাহার হোসেন কামরুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, বড়লেখা উপজেলা যুবদল নেতা বাবর হোসেন আপন ও আজাদ হোসেন আবু প্রমুখ।এসময় বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।