সিলেটে অভিযানে “চৌধুরী আবাসিক হোটেল” সিলগালা, ২ নারী-পুরুষ আটক
সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানার অন্তর্গত এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডের “চৌধুরী আবাসিক হোটেল”- এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে হোটেলের একটি কক্ষ থেকে মিছির আলী (৪২) এবং শায়েলা বেগম (৩২) নামের দুইজনকে আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে উপস্থাপন করা হয়েছে। এছাড়া, অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত হওয়ার অভিযোগে হোটেলটি সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেলের সহকারী উপপুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযানের এ তথ্যটি নিশ্চিত করেছেন।