বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মৃত ঞোমং তঞ্চঙ্গ্যার ছেলে অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), মৃত উইমং তঞ্চঙ্গ্যার ছেলে চিক্যং তঞ্চঙ্গ্যা (৩৪) এবং সুনি অং তঞ্চঙ্গ্যার ছেলে শৈফুচিং তঞ্চঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখালীপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যান স্থানীয় তিনজন। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরিত হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে একজন নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হন। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”