শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়েছিল। পরবর্তীতে আরেকটি লং ভেহিক্যালের সাথে কাভার্ডভ্যানটি বেঁধে টেনে নেওয়ার চেষ্টা চলছিল। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত একজনকে চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।