শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ

ডেস্ক / ১৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে ২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি কোর্সে কমিশন্ড অফিসার পদে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে পুরুষ ও নারী চিকিৎসকরা এ পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ৪ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৬-এর মধ্যে।

এ নিয়োগে প্রার্থীদের ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিবাহিত ও অবিবাহিত উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে এফসিপিএস, এমফিল, এমএস, এমডি অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ডিগ্রিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের স্বীকৃত হতে হবে।

নির্ধারিত কয়েকটি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরাও এ নিয়োগে আবেদন করতে পারবেন। এসব বিষয়ের মধ্যে রয়েছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, পালমোনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হৃদরোগ, নিউরো মেডিসিন, ইন্টারনাল মেডিসিন, নেফ্রোলজি, রিউমাটোলজি, রেডিওলজি, নিউরোডেন্টোলজি, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি, পেডিয়াট্রিক নিউরোলজি, কার্ডিয়াক সার্জারি, কলোরেক্টাল সার্জারি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এবং অ্যানেস্থেসিওলজি।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১ দশমিক ৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন ৫৯ কেজি বা ১৩০ পাউন্ড হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে।

নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১ দশমিক ৫২ মিটার বা ৫ ফুট এবং ওজন ৪৯ কেজি বা ১০৯ পাউন্ড হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তবে উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মাত্রার অতিরিক্ত ওজনের ক্ষেত্রে শিথিলতার সুযোগ রয়েছে।

প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধে আদালতের সাজা থাকলে তিনি আবেদন করতে পারবেন না। এ ছাড়া প্রতিটি চোখের ক্ষীণদৃষ্টি ও দূরদৃষ্টি ২ দশমিক ৫ ডাইঅপ্টারের বেশি এবং বিষমদৃষ্টি ১ দশমিক ০ ডাইঅপ্টারের বেশি হলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন।

আবেদন করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে। ৪ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। ওয়েবসাইটের মূল পাতায় গিয়ে ‘অ্যাপ্লাই নাও’ অপশনে ক্লিক করে ২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি কোর্সে আবেদন করতে হবে।

আবেদনের সময় ক্রেডিট কার্ড, ভিসা বা মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ১ হাজার টাকা আবেদন ফি এবং ১ হাজার টাকা অনলাইন নিবন্ধন ফি দিতে হবে। অর্থাৎ মোট ২ হাজার টাকা ফি দিতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে ওয়েবসাইট থেকে কল-আপ লেটার সংগ্রহ করা যাবে।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। ঢাকার সেনানিবাসে ডিজিএমএস কার্যালয়ে এসব পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় প্রার্থীদের কল-আপ লেটার, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সব পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র সঙ্গে আনতে হবে।

এর মধ্যে এসএসসি, এইচএসসি, এমবিবিএস, ইন্টার্নশিপ এবং এফসিপিএস, এমফিল, এমএস, এমডি অথবা সমমানের ডিগ্রির মূল সনদ থাকতে হবে। পাশাপাশি বিএমডিসি নিবন্ধন কার্ডও সঙ্গে রাখতে হবে। কোনো পরীক্ষায় প্রয়োজনীয় যোগ্যতা অর্জন না করলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।

প্রাথমিক বাছাইয়ের পর ফলাফল বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট, মুঠোফোনের খুদে বার্তা ও টেলিফোনের মাধ্যমে জানানো হবে। এরপর মনস্তাত্ত্বিক পরীক্ষা ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ধাপ সফলভাবে সম্পন্ন করা প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। সেনাবাহিনী সদর দপ্তরের অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর থেকে চূড়ান্ত নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। পরে নির্বাচিতদের যোগদানপত্র দেওয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিতে হবে। ট্রেইনি অফিসার হিসেবে সেখানে ১০ সপ্তাহের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে তাদের লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হবে। এরপর সেনাবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী পদোন্নতির সুযোগ থাকবে।

নিয়োগপ্রাপ্তরা সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী নিরাপদ ও মনোরম পরিবেশে আবাসনের সুবিধা রয়েছে। সামরিক হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সুবিধার পাশাপাশি দুরারোগ্য রোগের চিকিৎসার প্রয়োজনে বিধি অনুযায়ী আর্থিক সহায়তা এবং বিদেশে চিকিৎসার সুযোগও রয়েছে।

সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজে যোগ্যতা অনুযায়ী পড়াশোনার সুযোগ থাকবে। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজন বিবেচনায় নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদানের আগে সাঁতার শেখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী বিজ্ঞপ্তির যেকোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাসদর সংরক্ষণ করে। একইভাবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র দেওয়া বা বাতিল করার ক্ষমতাও সেনাসদরের হাতে থাকবে।

আবেদনের সময়সীমা: ৪ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৬।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে নিচে দেখুন।

 

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে নিচে দেখুন।


এই বিভাগের আরো খবর