ফুটবল মাঠে খেলোয়াড়দের সতর্ক করা কিংবা মাঠছাড়া করতে রেফারির লাল-হলুদ কার্ড দেখানোর পরিচিত দৃশ্যে আসতে যাচ্ছে পরিবর্তন। কাগজের কার্ডের বদলে ছোট ইলেকট্রনিক যন্ত্র দিয়ে শাস্তি প্রদর্শন ও ম্যাচের বিভিন্ন ঘটনা নথিভুক্ত করার প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে উরুগুয়েতে। তবে পরীক্ষায় কিছু সীমাবদ্ধতা ধরা পড়ায় এখনই প্রচলিত কার্ডের জায়গা নিচ্ছে না নতুন এই ব্যবস্থা।
ফুটবলে প্রযুক্তির ব্যবহার নতুন নয়। ভিডিও সহকারী রেফারি থেকে শুরু করে গোল শনাক্তকরণ প্রযুক্তি—বিভিন্ন উদ্ভাবনে বদলে যাচ্ছে খেলাটির পরিচালনাপদ্ধতি। সেই ধারাবাহিকতায় এবার রেফারির হাতে লাল-হলুদ কার্ডের বিকল্প হিসেবে যুক্ত হচ্ছে ডিজিটাল যন্ত্র।গত ১৫ অক্টোবর উরুগুয়ের কোপা এইউএফ উরুগুয়ে টুর্নামেন্টে ন্যাসিওনাল ও রেন্তিস্তাসের মধ্যকার ম্যাচে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় এই প্রযুক্তি। স্মার্টফোনের মতো দেখতে একটি যন্ত্র দিয়ে খেলোয়াড়দের শাস্তি প্রদর্শন করেন রেফারি এদুয়ার্দো ভারেলা।
ম্যাচের ১২ মিনিটে প্রথম ডিজিটাল হলুদ কার্ড দেখানো হয় রেন্তিস্তাসের খেলোয়াড় হুয়ান পাবলো প্লাদাকে। ন্যাসিওনালের ম্যাক্সি সিলভেরাকে ফাউল করায় শাস্তি পান তিনি। ম্যাচটি ন্যাসিওনাল ৩-০ গোলে জিতে নেয়।নতুন এই যন্ত্রে রয়েছে দুটি বোতাম। একটি চাপলে হলুদ কার্ড এবং অন্যটি চাপলে লাল কার্ড প্রদর্শিত হয়। তবে এর ব্যবহার কেবল খেলোয়াড়কে শাস্তি দেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। শাস্তির সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের ‘কোমেট’ ব্যবস্থায় নথিভুক্ত হয়।
এ ছাড়া গোল, পেনাল্টি, খেলোয়াড় পরিবর্তনসহ ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাও এই যন্ত্রের মাধ্যমে নথিভুক্ত করা সম্ভব। এতে রেফারিকে হাতে লিখে তথ্য সংরক্ষণের ঝামেলা কমাতে সহায়তা করবে প্রযুক্তিটি। একই সাথে ম্যাচের ঘটনাগুলো দ্রুত ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণের সুযোগ তৈরি হবে।
তবে পরীক্ষামূলক ব্যবহারে কিছু সীমাবদ্ধতাও সামনে এসেছে। দূর থেকে যন্ত্রটির পর্দায় প্রদর্শিত রং স্পষ্টভাবে দেখা কঠিন হতে পারে। বিশেষ করে তীব্র সূর্যের আলোয় হলুদ ও লাল কার্ডের রং শনাক্ত করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে।এ কারণে আপাতত প্রচলিত কার্ডের পরিবর্তে ডিজিটাল যন্ত্র পুরোপুরি চালুর সিদ্ধান্ত আসেনি। প্রযুক্তিটির সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা গেলে ভবিষ্যতে ফুটবল মাঠে রেফারির হাতে কাগজের কার্ডের বদলে দেখা যেতে পারে ছোট ইলেকট্রনিক যন্ত্র। তাতে শাস্তির ধরন অনুযায়ী পর্দায় ভেসে উঠবে হলুদ কিংবা লাল কার্ডের প্রতীক।