বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি / ১০৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা।
বুধবার সকাল ১০টায় সিলেট নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়ার কনফারেন্স হলে ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার পরিচালনায় এ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিচার বিভাগ, শিক্ষাঙ্গন, আইন পেশা, সামাজিক সংগঠন এবং মানবাধিকারকর্মীদের অংশগ্রহণে মানবাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা মনজুরে মাওলা। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা। সভাপতিত্ব করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের সিলেট জেলা শাখার সভাপতি মারুফ বখতিয়ার চৌধুরী খুররম চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আনিসুজ্জামান; রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২-এর সাবেক গভর্নর ও মদন মোহন কলেজ, সিলেটের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর; কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উপদেষ্টা মো. লিয়াকত আলী খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিলেট জেলা শাখার সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার সহসভাপতি শহিদুর রহমান, সহসভাপতি হাফিজ মাসুম আহমদ দুধরচকি, জান্নাত আরা খান রোপা, মহিলা বিষয়ক সম্পাদক রুনা বেগম এবং শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমদ শাকেরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মীরা।
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য ও মতামত তুলে ধরেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের কেন্দ্রীয় সমন্বয়ক (প্রশাসন) বাবুল সরকার, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইবনুল সাঈদ রানা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জামিল বখত চৌধুরী, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরীফ উদ্দিন, নাটোর জেলা শাখার সভাপতি মো. আব্দুস শহীদ এবং হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. মামুনুর রহমান।
বক্তারা মানবাধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ, নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা প্রদান এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা কেবল কোনো ব্যক্তি বা সংগঠনের একক দায়িত্ব নয়; বরং এ ক্ষেত্রে রাষ্ট্র, সমাজ, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণ, মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অধিকার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি সহায়তা পাওয়ার পথ সুগম করতে মানবাধিকার সংগঠনগুলোর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠান পরিচালনা করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোস্তফা আহমদ আজাদ ও যুগ্ম সম্পাদক এম রুহেল লস্কর।
কর্মশালা শেষে মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি, উদ্বোধক, মুখ্য আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, আলোচক, অংশগ্রহণকারী এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এ ধরনের কর্মশালা ও মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।


এই বিভাগের আরো খবর