বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

ডেস্ক / ৩৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক কিশোরীকে বিয়ের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনগর গ্রামের বাসিন্দা হুমায়ুন মিয়ার ছেলে রাকিব মিয়া একই গ্রামের এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে কিশোরীর পরিবার সেই প্রস্তাবে রাজি না হওয়ায় দুই পরিবারের মধ্যে ক্ষোভ ও বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে পরিস্থিতি শান্ত করতে দেখেন। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত মেয়েসংক্রান্ত বিরোধের জেরে এই সংঘাতের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর