সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সীমান্তে বিজিবির অভিযান, মিলল ভারতীয় গরু-ঘোড়াসহ যেসব পণ্য

ডেস্ক / ২৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
সীমান্তে বিজিবির অভিযান, মিলল ভারতীয় গরু-ঘোড়াসহ যেসব পণ্য

সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চারটি ঘোড়া, একটি গরু, কয়লা ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব পণ্যের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান।

রবিবার (১৫ নভেম্বর) ভোরে জেলার ওই দুই উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা চারটি ঘোড়া জব্দ করেন। একই উপজেলার বালিয়াঘাট বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় কয়লা এবং লাউড়েরগড় বিওপির সদস্যরা তিন বস্তা ভারতীয় জিরা জব্দ করেন। এ ছাড়া দোয়ারাবাজার উপজেলার প্যাকপাড়া বিওপির সদস্যরা একটি ভারতীয় গরু জব্দ করেন।

বিজিবি জানিয়েছে, জব্দ করা গরু, ঘোড়া ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ঘোড়া আটক এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।তিনি আরও জানান, আটক করা গরু ও ঘোড়া এবং জব্দ করা অন্যান্য মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর