বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাই আটক

ডেস্ক / ১৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাই আটক

সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফের এক স্থানীয় কাউন্সিলরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।বুধবার ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই আবদুশ শুকুর ও আমিনুর রহমান, তার ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের একাধিক দল গ্র্যান্ড প্যালেস হোটেল ও আশপাশের এলাকায় অভিযান চালায়। কয়েক ঘণ্টাব্যাপী অভিযান ও তল্লাশি শেষে আজ ভোরে হোটেল থেকে ওই চারজনকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দু’জন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই, একজন তার ছেলে এবং অপরজন টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী,আটকদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকায় থাকা মামলাসহ অন্যান্য তথ্য যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তাদের ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্তও তদন্তের প্রয়োজনে পরীক্ষা করা হতে পারে বলে জানা গেছে।সিলেট মহানগরীতে হঠাৎ পুলিশের এই অভিযান এবং সাবেক সংসদ সদস্য বদির পরিবারের সদস্যদের আটকের ঘটনায় নগরজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন তাদের কক্সবাজারে হস্তান্তর এবং পরবর্তী তদন্তে কি তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।


এই বিভাগের আরো খবর