ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ করা হয়। এর ফলে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে।
এ সময় মহানগর প্রভাতী ও কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ায় যাত্রা বিলম্বিত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামটি বাসুদেব ইউনিয়ন থেকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা হয়েছে৷ এবার এই ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে বরিশলে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করে ইউনিয়নের বাসিন্দারা। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে। এর ফলে সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে