মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

এসএসসিতে সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

ডেস্ক / ৩৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
এসএসসিতে সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার।প্রস্তাবনা অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে সব বিষয়ে যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে প্রণোদনা হিসেবে এ ল্যাপটপ দেওয়া হবে। অর্থাৎ বোর্ডপ্রতি ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী নির্বাচিত করা হবে।

এছাড়া ১০০তম অবস্থানে সমান নম্বরধারীদের জন্য অতিরিক্ত আরও ৪০০টি ল্যাপটপ রিজার্ভ রাখা হয়েছে। এ হিসেবে মোট দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসিতেও এ ধরনের প্রণোদনা চালুর চিন্তা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী, উৎপাদনমুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ ক্রয় করা হবে।

আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এতে সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে, এমন ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হবে। এতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।’তিনি বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।


এই বিভাগের আরো খবর