প্রত্যয়স্কিম বাতিলসহ শিক্ষকদের আরও দুইটি দাবি হল- সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি ও তাঁদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন করা।
গত ১ জুলাই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যয় পেনশন শুরু হয়েছে। এর আগে চলতি বছরের ১৩ মার্চ সরকারের অর্থবিভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারি করে। এর পর থেকে এর বিরুদ্ধে সরব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশন। দাবি আদায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার আন্দোলন করছেন। প্রায় ৮ দিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষাসহ সবকিছুতেই স্থবিরতা বিরাজ করছে।
এদিকে, পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির ডাকে গতকাল রোববার থেকে সব দপ্তরের কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা।
এদিকে, আন্ত: বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শাবি কর্মচারীরা। গতকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তাঁরা। একইসঙ্গে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীদের তিন সংগঠনের সদস্যরা। এর মধ্যে রয়েছে কর্মচারী ইউনিয়ন, সহায়ক কর্মচারী সমিতি ও পরিবহন সমিতি।