অজ্ঞান পার্টির পাঁচ সদস্য আটক নগরীতে
সিলেট নগরীতে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় যাত্রীদের অজ্ঞান করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকার কুমারগাঁও থেকে তাদেরকে আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন— শাহপরাণ থানার পীরেরবাজার টিকরপাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে রুকন মিয়া (২৭), নগরীর শাহী ঈদগাহ এলাকার আনোয়ার হোসেনের ছেলে রায়হান আহমদ জিসান (৩৪), পীরমহল্লার রহমত আলীর ছেলে রবিউল আলম (২৬), খাসদবীর এলাকার মৃত শফিক মিয়ার ছেলে সোহেল আহমদ (৪৮) এবং মৃত আনু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা মূলত যানবাহনের যাত্রীদের টার্গেট করত। বিভিন্ন কৌশলে তারা প্রথমে যাত্রীদের অজ্ঞান করে ফেলত। এরপর ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমারগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয় স্বীকার করেছে।