বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

”কর আইনজীবী আবিদ আলী চৌধুরী ছিলেন একজন সৎ, দক্ষ ও নীতিবান আইনজীবী”

ডেস্ক রিপোর্ট / ১৬৩ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
”কর আইনজীবী আবিদ আলী চৌধুরী ছিলেন একজন সৎ, দক্ষ ও নীতিবান আইনজীবী”

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ কর আইনজীবী আবিদ আলী চৌধুরীর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বেলা ১২টায় নগরীর মেন্দিবাগস্থ বার হলরুমে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী বাহাউদ্দিন বাহার। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাস। শোক সভায় মরহুমের পরিবারের সদস্য ছাড়াও সমিতির সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু আহমদ আসাদ, আয়কর আইনজীবী মো. সোলেমান হোসেন খান, আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, সমিতির সহ সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম, আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, আয়কর আইনজীবী হাছনু চৌধুরী, মরহুমের পরিবারের পক্ষে আয়কর আইনজীবী খায়রুল আলম প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন, প্রবীণ কর আইনজীবী আবিদ আলী চৌধুরী ছিলেন একজন সৎ, দক্ষ ও নীতিবান আইনজীবী। তিনি আজীবন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি কর আইনজীবী সমিতির উন্নয়ন ও সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান কর আইনজীবী সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কর আইনজীবী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

শোকসভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন ও মানবিক গুণাবলির কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন তরুণ আইনজীবীদের অভিভাবকতুল্য। পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সবশেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল্লাহ আলম মামুন।


এই বিভাগের আরো খবর