ফুটবল বিশ্বকাপের অপেক্ষার অবসান। ইতিহাসের সবচেয়ে বড় আসরের পর্দা উঠছে আজ। এক মাসেরও বেশি সময় ধরে বিশ্বের কোটি কোটি মানুষ ডুবে থাকবে ফুটবল উন্মাদনায়। মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় থাকবে রাজনীতি, ভিসা সংকট, পরিবেশগত উদ্বেগ ও টিকিটের মূল্য নিয়ে বিতর্কও।
লিওনেল মেসি কি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ এনে দিতে পারবেন? রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ক্রিস্তিয়ানো রোনালদো কি অবশেষে পর্তুগালের হয়ে বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করবেন? ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, কিলিয়ান এমবাপের ফ্রান্স, জুড বেলিংহ্যাম-হ্যারি কেইনের ইংল্যান্ড কিংবা ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ‘হেক্সা মিশন’—সব মিলিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।
তবে মাঠের ফুটবলের বাইরেও এবারের বিশ্বকাপ ঘিরে রয়েছে বিস্তর বিতর্ক। ভূ-রাজনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতি, টিকিটের আকাশছোঁয়া মূল্য এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সবচেয়ে বড় বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে। এছাড়া প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৬টি শহরে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি শহরে ছড়িয়ে থাকবে বিশ্বকাপের আয়োজন।৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল জায়গা পাবে নতুন সংযোজিত ৩২ দলের নকআউট পর্বে।
উদ্বোধন ও ফাইনাল
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকো সিটির কিংবদন্তি আসতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৩৯ দিনের এই মহাযজ্ঞ।
নতুন মুখদের বিশ্বমঞ্চে অভিষেক এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে চারটি দেশ—কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার কুরাসাও বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছে। অন্যদিকে আফ্রিকার শক্তিশালী দল ক্যামেরুনকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।
এশিয়া থেকে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে জর্ডান ও উজবেকিস্তান।
কারা এগিয়ে শিরোপা দৌড়ে
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। লামিনে ইয়ামাল, রদ্রি, পেদ্রি, ফাবিয়ান রুইসদের নিয়ে গড়া দলটি বাছাইপর্বে ছিল প্রায় অপ্রতিরোধ্য।ফ্রান্সও রয়েছে শিরোপার জোরালো দাবিদারদের তালিকায়। উসমান দেম্বেলে, কিলিয়ান এমাপে, মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বার্কোলাদের নিয়ে তাদের আক্রমণভাগ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর।ইংল্যান্ডও নজরকাড়া ফর্মে বিশ্বকাপে এসেছে। টমাস টুখেলের দল বাছাইপর্বে কোনো গোল না খেয়েই সব ম্যাচ জিতে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আধিপত্য দেখিয়েছে। লিওনেল মেসিকে ঘিরে গড়ে ওঠা লিওনেল স্কালোনির দলকে আবারও বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হলেও কার্লো আনচেলত্তির অধীনে তারা আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে।
নতুন নিয়মে বদলে যাবে খেলার চেহারা
সময় নষ্টের প্রবণতা কমাতে এবারের বিশ্বকাপে কয়েকটি নতুন নিয়ম চালু করা হয়েছে।
প্রতি অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন বিরতি থাকবে। থ্রো-ইন কিংবা গোল-কিক নিতে অযথা দেরি করলে শাস্তির মুখে পড়তে হবে খেলোয়াড়দের।
মাঠে চিকিৎসা নেওয়া ফুটবলারকে নির্দিষ্ট সময় মাঠের বাইরে থাকতে হবে। ভিএআরের ক্ষমতাও বাড়ানো হয়েছে। দ্বিতীয় হলুদ কার্ড এবং কর্নার সিদ্ধান্তও পর্যালোচনা করা যাবে।
বিশ্বকাপের সঙ্গে যুদ্ধের ছায়া
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র অংশগ্রহণকারী একটি দেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে ইরানের অংশগ্রহণ, ক্যাম্প স্থাপন এবং ভিসা পাওয়া নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত নানা জটিলতা কাটিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশটি।
ভিসা সংকট ও সমর্থকদের হতাশা
বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
বিবিসির এক বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী দেশগুলোর এক-চতুর্থাংশের বেশি সমর্থক ভিসা জটিলতা বা ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন।
সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমার আব্দুলকাদির আর্তানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনা নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
টিকিটের দামে ক্ষোভ
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়েও চলছে তীব্র আলোচনা। গ্রুপ পর্বের ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ১৪০ ডলার থেকে শুরু হয়ে ফাইনালের টিকিট ৮ হাজার ৬৮০ ডলার পর্যন্ত পৌঁছেছে।
সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই মূল্যকে ‘ফুটবলপ্রেমীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দিয়েছে। এমনকি টিকিট নীতির বিরুদ্ধে ফিফার বিরুদ্ধে অভিযোগও করা হয়েছে।
পরিবেশ নিয়ে উদ্বেগ
তিন দেশে ছড়িয়ে থাকা আয়োজনের কারণে ব্যাপক বিমান ভ্রমণ এবং দীর্ঘ দূরত্বের যাতায়াত পরিবেশবিদদের উদ্বেগ বাড়িয়েছে।
বিভিন্ন গবেষণা বলছে, এবারের বিশ্বকাপ থেকে ৯০ লাখ টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হতে পারে, যা কাতার বিশ্বকাপের তুলনায় দ্বিগুণেরও বেশি।
সব মিলিয়ে ফুটবলীয় রোমাঞ্চ, তারকাদের লড়াই, নতুন ইতিহাসের হাতছানি এবং নানা বিতর্কের সমন্বয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের নতুন অধ্যায়। আগামী ৩৯ দিন বিশ্বের ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে একটাই মঞ্চে—ফুটবলের বিশ্বমঞ্চে।