কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে তেলের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজ্যান্ডার নোভাক। রাশিয়ার রাজনৈতিক টক শো ‘সোলোভিয়েভ লাইভে’ নোভাক বলেন, বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৬০ লাখ ব্যারেল তেলের ঘাটতি রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে তেলের দাম উচ্চ পর্যায়েই থাকবে এবং তা আরও বাড়তে পারে। নোভাক বলেন, যদি পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে সরবরাহ পুনরায় শুরু হয়, তবে এক থেকে দেড় বছরের মধ্যে বাজারে ভারসাম্য ফিরে আসতে পারে।
নোভাক আরও বলেন, বাজার স্থিতিশীল করার জন্য বিশ্বের হাতে থাকা তেলের মজুত ব্যবহারের সক্ষমতা ইতোমধ্যেই ফুরিয়ে আসছে।তিনি ওই অনুষ্ঠানে আরও জানান, রাশিয়ার তেল নিয়ে প্রথম ট্যাঙ্কারটি একটি রুশ বন্দর থেকে বিশ্ববাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। ৯ অক্টোবর ট্রাম্প মস্কোর সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছিলেন, যার আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করবে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক শিবিরের আইনপ্রণেতারা এই চুক্তির সমালোচনা করেছেন। তাদের সতর্কবার্তা হলো, এই চুক্তির মাধ্যমে রাশিয়া যে আয় করবে, তা ইউক্রেনে তাদের যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করতে সহায়তা করতে পারে।
সূত্র: আল জাজিরা