বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে আর্জেন্টিনার ৫ ফুটবলার

স্পোর্টস ডেস্ক / ৪২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২২ জুলাই, ২০২৬
বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে আর্জেন্টিনার ৫ ফুটবলার

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। টুর্নামেন্ট শেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভক্ত-সমর্থকদের ভোটে সেরা একাদশ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। প্রকাশিত এ প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন রানার্সআপ আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।

লিওনেল স্কালোনির দলের হয়ে চার বিভাগেই প্রতিনিধিত্ব রয়েছে। গোলরক্ষক হিসেবে স্থান পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেস, রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস, মাঝমাঠে এনসো ফার্নান্দেজ এবং আক্রমণভাগে স্থান পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন।

তবে ফিফা প্রকাশিত এই তালিকা নিয়ে ফুটবল বিশ্বে সৃষ্টি হয়েছে জোর বিতর্ক। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দুই মূল ডিফেন্ডার পাও কুবারসি ও আইমেরিক লাপোর্তের জায়গা না হওয়া নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হওয়া সত্ত্বেও কুবারসির বাদ পড়া সমর্থকদের মাঝে বিস্ময় তৈরি করেছে। এছাড়া বেশ কয়েকজন ফরোয়ার্ডকে মিডফিল্ডের তালিকায় রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

সমর্থকদের ৪-৪-২, ৪-৩-৩ কিংবা ৩-৪-৩ ফরমেশনে পছন্দের একাদশ গড়ার সুযোগ রেখে ঘোষিত প্রাথমিক তালিকা:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, উনাই সিমন, জর্ডান পিকফোর্ড, ভোজিনহা ও এলোয় রুম।

ডিফেন্ডার: লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্ক কুকুরেয়া, পেদ্রো পোরো, নুনো মেন্দেস, ভার্জিল ফন ডাইক, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও দায়ো উপামেকানো।

মিডফিল্ডার: এনসো ফার্নান্দেজ, রদ্রি, লামিন ইয়ামাল, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে, লুকা মদরিচ ও ইসমাইল সাইবারি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আরলিং হলান্ড, হ্যারি কেইন, মিকেল ওইয়ারসাবাল ও হুলিয়ান কিনিওনেস।


এই বিভাগের আরো খবর