ফেনীতে দিনের আলোয় এক গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ লাখ টাকা এবং প্রায় ১৫ ভরি সোনার গহনা লুটের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা গৃহবধূর ছেলেকে নিচে বেঁধে রাখার হুমকি দিয়ে এই ডাকাতি সংঘটিত করে।বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকার ‘মুসলিম ভূঁইয়া বাড়ি’র রেহান ম্যানশনের দ্বিতীয় তলায় ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামানের বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সকালে দুই ব্যক্তি হঠাৎ রেহান ম্যানশনের দ্বিতীয় তলায় গিয়ে ঘরের দরজার বেল চাপেন। বাসাটির গৃহকর্ত্রী শাহানা আক্তার দরজা খুলতেই তারা জোরপূর্বক ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর ওই দুষ্কৃতকারীরা গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী শাহানা আক্তার বলেন, “তারা ঘরে ঢুকেই আমাকে ভয় দেখিয়ে বলে, ‘নিচে আপনার ছেলেকে বেঁধে রেখেছি। যা আছে সব দিয়ে দিন।’ ছেলের ক্ষতির কথা ভেবে ভয়ে আমি কোনো বাধা দিইনি।” এরপর ডাকাতেরা আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও আনুমানিক ১৫ ভরি সোনার গহনা লুটে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে।
ঘটনার পরপরই বাসার ভেতরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়।ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ওই দুই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ এবং মামলা দায়েরের প্রস্তুতি অব্যাহত রয়েছে।